কুড়িগ্রামে গাছ থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনি বাজারের পাশে ভেলং নামের এক ব্যক্তির বাড়ির খোকসার গাছে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ দেখা গেছে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে সাপটি দেখতে ছুটে আসে শত শত মানুষ।

স্থানীয়রা জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গ্রামের কাঁচা সড়ক দিয়ে ক্ষেতে সাক তুলতে যাওয়ার সময় এক শিশু গাছটির গোড়ায় শুয়ে থাকা অজগর সাপটি দেখে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সাপটি স্থানীয়দের শোরগোল দেখে খোকসার গাছের ১২-১৫ ফুট উচ্চতায় উঠে একটি ডালে শুয়ে থাকে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অজগর সাপ গাছে ওঠার খবর দ্রুত ছড়িয়ে পড়লে নারী, শিশুসহ বিভিন্ন বয়সের শত শত মানুষ তা দেখতে আসেন।

স্থানীয়রা আরও জানান, এর আগে এ ধরনের ঘটনা তারা দেখেননি। যদিও এ এলাকায় বনজঙ্গল নেই, তবে পূর্ববর্তী বন্যার সময় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবী সাপটিকে উদ্ধার করে। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে বস্তায় ভরে বনবিভাগের অফিসে নেওয়া হয়। পরে আলোচনা করে সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, “এর আগে এই এলাকায় এমন ঘটনা চোখে পড়েনি। আমরা এই অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছি। এই এলাকায় অজগর সাপের কোন অভয়ারণ্য না থাকলে দেড় কিলোমিটার দূরের ধরলা নদী থেকে এটি উঠে আসতে পারে।”

বন বিভাগের সেবাকর্মী আশরাপুল হক বলেন, “খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আলোচনা করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।”

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী জানান, “কুড়িগ্রাম সদর উপজেলার আগমনী বাজারে একটি অজগর সাপ মানুষের চোখে পড়ে। আমাদের স্বেচ্ছাসেবক মো. হোসেন আলী সাপটি উদ্ধার করেন এবং পরবর্তীতে বন বিভাগ ও প্রশাসনের সহযোগিতায় বন অফিসে নিয়ে আসা হয়।”

তিনি আরও বলেন, “উদ্ধার হওয়া ১০ ফুট দৈর্ঘ্যের সাপটির আনুমানিক বয়স ১০ বছর হতে পারে। আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত, তাই বন্যপ্রাণী উদ্ধারে কুড়িগ্রাম জেলায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে।”

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।