ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর জেলায় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ৮ জন নিহত এবং আরও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কারখানাটি নাগপুরের ভান্দারা এলাকায় অবস্থিত এবং এটি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৩০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিস্ফোরণের তেজ এত প্রবল ছিল যে এর আওয়াজ ৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।

নাগপুর জেলা প্রশাসক সঞ্জয় কোলতে এনডিটিভিকে বলেন, “বিস্ফোরণে কারখানাটির ছাদ ধসে পড়ায় চাপা পড়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। অল্প সময়ের মধ্যে উদ্ধার অভিযান শুরু হয় এবং ধ্বংসস্তুপ থেকে আট জনের মরদেহ এবং ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।”

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি কারখানার আরডিএক্স উৎপাদনের প্লান্টে ঘটেছে। এক কর্মী বলেন, “হঠাৎ চার দিকে ধোঁয়ায় ঢেকে যায়। তার পর শ্বাসবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সুপারভাইজার আমাদের বললেন দ্রুত বেরিয়ে যেতে। তার পরই ঘটে বিস্ফোরণ।”

আরেকজন কর্মী জানান, “ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল কারখানা। বিস্ফোরণের ধাক্কায় আমিসহ কয়েকজন সহকর্মী মাটিতে ছিটকে পড়েছিলাম। তারপরই প্রাণপণে কারখানার বাইরের দিকে ছোটা শুরু করেছিলাম আমরা।”

উল্লেখ্য, এই কারখানায় এর আগেও ২০২৩ সালে একবার বিস্ফোরণ ঘটেছিল, সেবারের দুর্ঘটনায় ৯ জন কর্মী নিহত হন।

সূত্র: এনডিটিভি
 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।