চাঁদপুরের মতলব উত্তরে নামাজরত অবস্থায় গোখরা সাপের কামড়ে ফাতেমা বেগম (৫৫) নামের এক গৃহবধূ মারা গেছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল বাহেরচর এলাকায় এই ঘটনা ঘটেছে। ফাতেমা বেগম মোহনপুর ইউনিয়নের চরাঞ্চল বাহেরচর গ্রামের বাসিন্দা আরিফুল মিয়াজির স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো এশার নামাজ আদায় করার সময় ফাতেমা বেগম ডান দিকে সালাম ফেরানোর পর বাম দিকে ফিরছিলেন। এ সময় একটি গোখরা সাপ তার কোমরে কামড় দেয় এবং এরপর পাশের ঝোপে চলে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নৌপথে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মুহাম্মদ ফয়জুল্লাহ জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী ঝোপ থেকে বিষাক্ত সাপটি বের করে পিটিয়ে মেরে ফেলেছেন।
প্রায় ১০-১২ দিন আগে ফাতেমা বেগমের বসতঘরের ভেতরেও একটি গোখরা সাপ মারা গিয়েছিল। স্থানীয়দের অভিযোগ, দুর্গম চরাঞ্চলে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
ফাতেমা বেগমের স্বামী আরিফুল মিয়াজি বলেন, আমরা দুর্গম চরাঞ্চলে বসবাস করি। এখানে কোনো হাসপাতাল বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই। নদীপথে অনেক কষ্টে স্ত্রীকে হাসপাতালে নিতে হয়েছিল। ততক্ষণে আমার সব শেষ হয়ে গেছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। কিন্তু আমাদের কাছে কেউ অভিযোগ করেননি।
খবরওয়ালা/শরিফ



