খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৩৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
প্রথমে ব্যাট করে জো রুটের শতক (১০০), জ্যাকব বেথেলের ১১০ ও জেমি স্মিথের ৬২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৪ রান তোলে ইংল্যান্ড। জস বাটলার ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন।
৪১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২০.৫ ওভারে ৭২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। করবিন বোশ সর্বোচ্চ ২০ রান করেন, কেশভ মাহারাজ ১৭ রান যোগ করেন। অধিনায়ক টেম্বা বাভুমা আহত হয়ে ব্যাট করতে নামতেই পারেননি।
ইংলিশ বোলারদের মধ্যে জোফরা আরচার ৯ ওভারে ৪ উইকেট, আদিল রশিদ ৩ উইকেট এবং ব্রাইডন কার্স ২ উইকেট নেন।
এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ব্যবধানের জয় ছিল ভারতের দখলে—২০২৩ সালে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল তারা। সেই রেকর্ড ভেঙে ৩৪২ রানের জয়ে নতুন ইতিহাস গড়ল ইংল্যান্ড।
খবরওয়ালা/আশ