খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর গুলশানে শিল্পপতি মাইনুল ইসলামের বাসায় অনধিকার প্রবেশ, হামলা, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দুই ভাতিজাসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্ত সংস্থা সিআইডিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন—সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী, সামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেডের মালিক আরেফিন সামসুল আলম, মেরিনা ইরশাদ, কেশব চন্দ্র নাথ, হারুন অর রশীদ, ফেরদৌস মুনসি, শাহাবুদ্দিন ও ছালাউদ্দিন আব্বাছি।
মামলার এজাহারে বলা হয়, ২০০৬ সালে গুলশানের মডেল টাউন এলাকায় ছয়তলা ভবন নির্মাণে মাইনুল ইসলাম ও তার স্ত্রী ফারজানা আন্না ইসলাম চুক্তি করেন সামসুল আলমের সঙ্গে। ২০০৭ সালের ডিসেম্বরে তারা বাড়ি বুঝে নেন। তবে মাইনুল ইসলাম মারা যাওয়ার পর থেকে আসামিরা ওই ফ্ল্যাট দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। তারা জাল দলিল তৈরি করে বাড়ির দ্বিতীয় তলার সম্পূর্ণ ফ্লোর দখলের চেষ্টা করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই আসামিরা বাসায় ঢুকে তালা ভেঙে ফ্ল্যাট দখলের চেষ্টা করেন এবং ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। পরে গত ২৮ আগস্ট তারা আবারও বাসায় প্রবেশ করে হামলা চালান, বাসার লোকজনকে মারধর করে আহত করেন এবং ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যান। যাওয়ার সময় গ্যারেজ ভাঙচুর করে প্রায় তিন কোটি টাকার ক্ষতি করেন।
আহতরা পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
খবরওয়ালা/এন