খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ চলাকালে এক ছাত্রী অভিযোগ করেন, তার নামে আগেই অন্য একজন ভোট প্রদান করেছেন।
ওই ছাত্রী ভোট দেওয়ার পর সাংবাদিকদের জানান, তিনি যখন কেন্দ্রীয় ভোটকক্ষে গিয়ে পরিচয়পত্র জমা দেন, তখন দায়িত্বে থাকা দুই শিক্ষক ভোটার তালিকা মিলিয়ে দেখেন। সেখানে দেখা যায়, তার নামের ঘরে আগে থেকেই স্বাক্ষর দেওয়া আছে। অর্থাৎ, তার নাম ব্যবহার করে আগেই একজন ভোট দিয়ে গেছে।
ছাত্রী বলেন, ‘আমি আমার আইডি কার্ড দেখানোর পর শিক্ষকরা বলেন, আমার নামের ঘরে সাইন করা আছে। তখন তারা আরেকজন নারী শিক্ষককে ডাকেন। আমি বুঝলাম, কেউ একজন আমার নামে পে-স্লিপ নিয়ে এসে ভোট দিয়েছে। এরপর আমার আইডি কার্ডটা যাচাই করে তারা নিশ্চিত হন যে, আসল আইডি আমার। তারপর আমাকে ভোট দেওয়ার সুযোগ দেন। কিন্তু আসল সমস্যা হলো—আমার নামে আগেই একজন এক্সট্রা ভোট কাস্ট হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমি ভোট দিতে পেরেছি ঠিকই। কিন্তু আমার প্রশ্ন, আমার নামে আগে যে ভোট হয়ে গেলো, সেটার দায় কে নেবে? এটা কীভাবে সম্ভব হলো? এমন ঘটনা হলে নির্বাচনের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন থেকে যায়।’
ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও এ ধরনের অভিযোগে ভোটগ্রহণ প্রক্রিয়ার নিরাপত্তা ও সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগের বিষয়ে নির্বাচন পরিচালনাকারী শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের একাংশের অভিযোগ—যথাযথ নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত না করায় এমন অনিয়ম ঘটছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।
খবরওয়ালা/এন