ঘটনা ঘটে গেছে: আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ করেছেন ছাত্রদলের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, দুপুরের পর থেকে ভোটকেন্দ্রে বিভিন্ন নেতিবাচক ঘটনা ঘটেছে এবং এর প্রমাণও তিনি নিজ চোখে দেখেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে এস এম হলের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ তোলেন আবিদুল।

তিনি বলেন, ‘নেগেটিভিটি ঘটেছে। দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও অমর একুশে হলের কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে প্রমাণ পেয়েছি। তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলেছি। তারাও স্বীকার করেছেন—হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে। রোকেয়া হলেও একই অবস্থা। সেখানেও বলা হয়েছে, ঘটনা ঘটে গেছে।’

অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘সকাল থেকে আমাদের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে প্যানেল শিট বিতরণ করতে গিয়ে তাদেরকে বারবার থামানো হয়েছে। এমনকি শুধুমাত্র প্যানেলের কোড নম্বর বিলি করার কারণে রোকেয়া হলের পাঠচক্র সম্পাদক পদপ্রার্থীকে একজন শিক্ষক হুমকি দিয়েছেন যে, তার ছাত্রত্ব শেষ করে দেওয়া হবে। এ ধরনের হিংস্রতা দেখানোর কথা নয়। অথচ ওই শিক্ষক নিজে শিবিরের শিট বিতরণ করেছেন।’

নির্বাচনে কারচুপির কারণে উদ্বেগ প্রকাশ করে ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে ইতোমধ্যে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তিনি জানান, তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছেন, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। ‘কারচুপি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই,’ মন্তব্য করেন তিনি।

কেন্দ্রের বাইরে ছাত্রদলের প্রার্থীরা লিফলেট বিতরণ করছেন—সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে আবিদুল বলেন, ‘৪১ জন প্রার্থীর নাম মনে রাখা ভোটারের পক্ষে সম্ভব নয়। এটাকে আচরণবিধি ভঙ্গ বা অতিরঞ্জন হিসেবে দেখা ঠিক হবে না।’

এ সময় তিনি ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে এসে এক সাংবাদিকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।