খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 26শে ভাদ্র ১৪৩২ | ১০ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের ১২টি ফটক ও ক্যাম্পাসজুড়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার নির্বাচনের দিন পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য পোশাক ও সাদা পোশাকে ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটকেন্দ্র ও হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী দায়িত্বে থাকবে। পুরো নিরাপত্তা কার্যক্রমের তত্ত্বাবধানে থাকবেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছিল। সেনারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করবে এবং প্রয়োজনবোধে নির্বাচন কমিশনের নির্দেশে কার্যক্রমে অংশ নেবে।
এবারের নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার ও ৬৭ জন সহকারী পোলিং অফিসার দায়িত্বে থাকবেন।
ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন। বিশেষ ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে। সিনেট হলে বসানো বড় স্ক্রিনে সব হলের ভোট পর্যবেক্ষণ করা হবে এবং প্রতি ঘণ্টায় ফলাফল ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রদর্শনের ব্যবস্থা থাকবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে ভোট সংক্রান্ত ভিডিও নির্দেশনাও প্রকাশ করা হবে।
এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন প্রার্থী।
খবরওয়ালা/এন