ফরিদপুরে রেলপথ অবরোধ, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে বিক্ষোভ চলছে। মূলত সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ঢাকা-খুলনা-বেনাপোল রেলপথে বন্ধ রয়েছে ট্রেন চলাচল, ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদি এলাকায় রেলপথের ৮১নং গেটে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন আলগী ইউনিয়নবাসী।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সকাল ৬টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ছেড়ে আসলেও ২০ কিলোমিটার দূরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি স্টেশনে আটকে রয়েছে৷ ট্রেনটি সকাল ৯টায় পৌঁছানোর কথা ছিল। এ ছাড়া সকাল ১০টায় ঢাকা থেকে রূপসী বাংলা নামে বেনাপোলগামী আরেকটি ট্রেন বন্ধ রয়েছে। এতে তীব্র ভোগান্তির মুখে পড়েছেন খুলনাগামী যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার সাকিবুর রহমান আকন্দ বলেন, ‘খবর পাওয়া মাত্রই বিশৃঙ্খলা এড়াতে আমরা ২০ কিলোমিটার দূরে থেকেই বন্ধ করে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পথে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া আটকে পড়া ট্রেনটি বিকল্প রেলপথে নেওয়ার কোনও সিদ্ধান্তও নেওয়া হয়নি।

এদিকে, বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানিয়েছেন, যতক্ষণ দুটি আসনের সীমানা পুনর্বহাল না হবে, ততক্ষণ রেলপথ দিয়েও কোনও ট্রেন চলাচল করতে দেওয়া হবে না।

জানা যায়, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী ফরিদপুর-৪-এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পার্শ্ববর্তী ফরিদপুর-২ সংসদীয় আসনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এরপরেই ইউনিয়ন দুটি ফিরিয়ে দেওয়ার দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠে দুটি মহাসড়কসহ (ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল) এক্সপ্রেসওয়ে অবরোধ শুরু করেছেন স্থানীয়রা।

 

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।