খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এসময় জাতীয় কবি কাজী নজরুল হলে এক শিক্ষার্থীকে লুঙ্গি পরে ভোট দেয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষার্থী কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। তার গায়ে টি-শার্ট ও পরনে লুঙ্গি। পায়ে স্পঞ্জের স্যান্ডেল। কেন্দ্রে এসে ভোট দিয়ে বেরিয়ে যান তিনি। তবে এ নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি ওই শিক্ষার্থী। তার নাম-পরিচয়ও জানা যায়নি।
এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশগ্রহণ করছে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১ ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে।
নির্বাচনে ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা) নিয়োগ করা হয়েছে। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হবে।
খবরওয়ালা/এমইউ