চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল, অবরুদ্ধ ২০ পরিবার

বরিশালের গৌরনদী উপজেলায় ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় হামলাসহ মামলার হুমকিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার তিখাসার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, মাওলানা নুরুজ্জামান, দেলোয়ার হোসেনসহ একাধিক বাসিন্দা অভিযোগ করেন, তিখাসার গ্রামের পাইকবাড়ি সংলগ্ন এলাকার প্রায় ২০টি পরিবারের চলাচলের দীর্ঘদিনের একমাত্র রাস্তা তারা নিজস্ব অর্থায়নে একাধিকবার মেরামত করেছেন।

সম্প্রতি গৌরনদী পৌরসভা রাস্তাটি সংস্কার করতে গেলে জমি ক্রয়ের কারণে ওই এলাকার প্রবাসী কামাল সরদারের পরিবারের সদস্যরা বাধা দেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসককে লিখিতভাবে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানার ওসি উভয়পক্ষকে নিয়ে থানায় বসে রাস্তা ব্যবহারের পক্ষে রায় দেন।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, দীর্ঘ ২০ বছর ধরে ওই এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তার ওপর থানার ওসির নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার সকাল থেকে প্রবাসী কামাল সরদার শ্রমিক নিয়ে পাকা দেয়াল নির্মাণের কাজ শুরু করেন।

এ সময় তাদের বাধা দেওয়ায় কামাল সরদারের ভাড়াটিয়া লোকজনে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলাসহ মামলায় জড়ানোর হুমকি প্রদান করে রাস্তার মধ্যে দেয়াল নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনকে অবহিত করেও কোনো সুফল মেলেনি।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, রাস্তার মধ্যে পাকা দেয়াল নির্মাণের ফলে প্রায় ২০টি পরিবারের সদস্যরা এখন অবরুদ্ধ হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

অভিযুক্ত প্রবাসী কামাল সরদার বলেন, ‘আমার কেনা জমির ওপর দেয়াল নির্মাণ করেছি। ভাড়াটিয়া লোকজন দিয়ে হুমকির অভিযোগ সঠিক নয়।’

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘ওই এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে প্রবাসীর পরিবারকে রাস্তা বন্ধ না করার জন্য বলা হয়েছিল। সর্বশেষ কি হয়েছে সে বিষয়টি আমার জানা নেই।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।