নুরাল পাগলার দরবারে হামলা: গোয়ালন্দ ঘাট থানার ওসির ব্যাপারে নতুন সিদ্ধান্ত

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম এক অফিস আদেশে তাকে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) হিসেবে বদলি করেন।

একই আদেশে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ্ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, ‘গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জের বদলি পুলিশের নিয়মিত কাজের অংশ। দাফতরিক কাজের স্বার্থে তাকে পুলিশ অফিসের ক্রাইম শাখায় বদলি করা হয়েছে।’

এর আগে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। আগুন ও ভাঙচুরের ওই ঘটনায় শতাধিক মানুষ আহত হন এবং নিহত হন নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা।

হামলার সময় পুলিশের ওপরও আক্রমণ হয়। ভাঙচুর করা হয় দুটি গাড়ি এবং আহত হন অন্তত ১০–১২ জন পুলিশ সদস্য। এরপর হামলাকারীরা কবর থেকে নুরাল পাগলার মরদেহ তুলে পুড়িয়ে ফেলে।

এ ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা সাড়ে ৩ হাজার জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা সাড়ে ৩ থেকে ৪ হাজার জনকে আসামি করে হত্যা, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগে মামলা করেন। এ মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।