খবরওয়ালা বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
চীনের জনপ্রিয় গায়ক, অভিনেতা ও মডেল ইউ মেংলং আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তরুণ এই তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ে একটি ভবন থেকে পড়ে মৃত্যু হয় ইউ মেংলং-এর।
অভিনেতার টিম সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর ভবন থেকে পড়ে মারা গেছেন। পুলিশ অপরাধমূলক বিষয় খারিজ করে দিয়েছে। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং আশা করি প্রিয়জনেরা তাকে ভালোবাসায় ঘিরে রাখবেন।’
প্রতিবেদনে বলা হয়, ৯ সেপ্টেম্বর মেংলং এক বন্ধুর বাসায় পাঁচ-ছয়জন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে খাবার খেয়ে সেখানে দুই দিন অবস্থান করেন। ১১ সেপ্টেম্বর রাত ২টার দিকে নিজের কক্ষে দরজা বন্ধ করে ঘুমাতে যান তিনি। ভোরে বন্ধুরা তাকে দেখতে না পেয়ে ধারণা করেন তিনি এখনও ঘুমাচ্ছেন। পরে নিচে নেমে মেংলং-এর মরদেহ দেখতে পান।
এক প্রতিবেশী জানান, সকালে পোষা প্রাণী নিয়ে হাঁটতে বের হয়ে প্রথম তিনি অভিনেতার মৃতদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। এরপরই মেংলং-এর বন্ধুরা মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
পুলিশ প্রাথমিকভাবে এটিকে অপরাধমূলক ঘটনা নয় বলে জানিয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে, তদন্ত চলছে।
খবরওয়ালা/এন