জুলাই মামলা নিয়ে চাঁদাবাজির অভিযোগে ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজির অভিযোগে উত্তরা পশ্চিম থানার মামলায় তিন সমন্বয়ককে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—এএইচএম নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমা।

উত্তরা পশ্চিম থানার প্রসিকিউশন বিভাগের এসআই মো. আতিকুর রহমান খান জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মালেক খান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠান।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় গিয়ে আসামিরা নিজেদের সমন্বয়ক পরিচয় দেন। এসময় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে তারা ১০ লাখ টাকা দাবি করেন। পরিবারটি সাড়ে পাঁচ লাখ টাকা জোগাড় করে দিলেও বাকী সাড়ে চার লাখ টাকা বিকেল চারটার মধ্যে দিতে বলা হয়। টাকা না দিলে ক্ষতির হুমকিও দেওয়া হয়।

পরিবারের পক্ষ থেকে শুক্রবার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়েরের পর রাত ১২টা ৫০ মিনিটে নোমান রেজাকে বিমানবন্দর থানার সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টা ৪০ মিনিটে তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে বিমানবন্দর থানার জসিম উদ্দিন এলাকা থেকে আটক করা হয়।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।