জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন নির্বাচন কমিশনের আরেক সদস্য।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার গতকাল রাতে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক অনিয়মের মুখোমুখি হয়েছি। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে, সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি, সে জন্য গতকাল (বৃহস্পতিবার) থেকেই আমার ওপর চাপ ছিল, তবু আমি পদত্যাগ করছি।’
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। টানা তিন দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার সময় জানায় নির্বাচন কমিশন। এ নির্বাচন নিয়ে নানা নাটকীয় পরিবেশ তৈরি হয়। এর আগে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ চারটি প্যানেল।
খবরওয়ালা/এন



