ছেলেকে মারধরের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যা, আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় খাইরুন বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত খাইরুন বেগম ওই গ্রামের ধনু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে একই গ্রামের চার যুবক—মাওলা, আজমীর, সবুজ ও আনোয়ার একটি অপরিচিত মেয়েকে নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় খাইরুন বেগমের ছেলে হৃদয় মেয়েটির পরিচয় জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে হৃদয়কে মারধর করে।

এর জেরে শনিবার দুপুরে খাইরুন বেগম প্রতিপক্ষের কাছে বিষয়টি জানতে চাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে খাইরুন বেগমসহ সাতজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে খাইরুন বেগম মারা যান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যে কোনো সময় আবারও বড় ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।