ক্ষমা চাইলেন শিবিরের ৭ কর্মী

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের কয়েকজন কর্মী ছাত্রদল নেতা ও ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা আবিদুল ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও প্রচারের ঘটনায় ক্ষমা চেয়েছেন।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) তারা সার্বিক ঘটনার ব্যাখ্যা দিয়ে দুঃখপ্রকাশ করেন।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে আবিদুল ইসলামের বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ উক্তিটি নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ ওঠে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পর অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইমুর রহমান তার ফেসবুকে ওই ভিডিও পোস্ট করলে সেটি দ্রুত ভাইরাল হয়ে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি করে।

ভিডিওতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন—ওমর ফারুক (ইইই ২০-২১), নাহিদ হাসান (আল কুরআন ২০-২১), নাইমুর রহমান (অর্থনীতি ২১-২২), সোহান (আইন ১৭-১৮), রোকনুজ্জামান রোকন (মার্কেটিং ১৯-২০), মোজাম্মেল (দাওয়াহ ২১-২২) ও আবদুল্লাহ নুর মিনহাজ (আল হাদিস ২০-২১)।

অভিযুক্ত শিক্ষার্থীরা বলেন, ‘সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে আমরা বন্ধুদের মধ্যে ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে নিজেদের রুমে মজার ছলে আলোচনা করছিলাম। এতে সাদিক কায়েম ভাই এবং আবিদুল ভাই উভয়কেই নিয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে ডাকসু নির্বাচনের সময় সাদিক কায়েম ভাইকে নিয়ে ব্যবহৃত বাক্য ‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানি’ এবং ডাকসু প্রচারণায় ব্যবহৃত আবিদ ভাইয়ের বাক্য ‘প্লিজ, আপনারা কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ বলা হয়। তবে আমরা দেখতে পাই—২৬ সেকেন্ডের ভিডিওর শেষের ১২ সেকেন্ড কেটে অনলাইনে অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে এবং আমাদের জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। অথচ এটি নিয়ে ভিডিও তৈরি করা কিংবা জুলাইয়ে আবিদ ভাইয়ের কৃতিত্বকে হেয় করা বা জুলাই আন্দোলনের স্লোগানকে অবজ্ঞা করা আমাদের কোনো উদ্দেশ্যই ছিল না।’

তারা আরও বলেন, ‘মজার ছলে করা আমাদের এই বিষয়টি এভাবে আমাদের জুলাই সহযোদ্ধাদের ব্যথিত করবে, তা আমরা ভাবতে পারিনি। জুলাইয়ের কৃতিত্ব নিয়ে আমরা কোনো কটাক্ষ করিনি। এর পরও বিভ্রান্তির কারণে বিষয়টি আমাদের যেসব জুলাইযোদ্ধাকে ব্যথিত করেছে, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি।’

উল্লেখ্য, ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে শিক্ষার্থীদের বলতে শোনা যায়, ‘তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানি’, ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।