আজ থেকে শুরু হলো রাকসু নির্বাচনের প্রচারণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা আজ সোমবার থেকে শুরু হয়েছে। এই প্রচার কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত চলবে। 

নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী প্রার্থীদের অবশ্যই কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন থেকে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। তবে, প্রার্থী এবং ভোটার ছাড়া অন্য কোনো বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে প্রচারণায় অংশ নিতে পারবে না।

প্রচারণার জন্য সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে, যার সর্বোচ্চ দৈর্ঘ্য হবে ৬০ সেমি এবং প্রস্থ ৪৫ সেমি। ভবনের দেয়ালে কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো ধরনের সমাবেশে মাইকের ব্যবহার করা যাবে না।

এছাড়াও, ছাত্ররা ছাত্রী হলে এবং ছাত্রীরা ছাত্র হলে শুধুমাত্র সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে পরিচিতি সভায় প্রবেশ করতে পারবে। ক্যাম্পাসে কোনো সভা আয়োজনের জন্য প্রক্টরের কাছে সভার স্থান ও সময় সম্পর্কে পূর্বানুমতি নিতে হবে। নির্বাচনী কার্যক্রম চলাকালে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং কোনো বহিরাগতকে আবাসিক হলে থাকতে দেওয়া যাবে না।

আচরণবিধিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার সমর্থক অন্য কোনো প্রতিদ্বন্দ্বীকে ভয়ভীতি দেখাতে, শক্তি প্রয়োগ করতে বা ভোটদানে বাধা দিতে পারবে না। হল ও একাডেমিক ভবনের ভেতরে কোনো ধরনের মিছিল বা সমাবেশ করা যাবে না। এছাড়া, প্রচারণার সময় মিডিয়ার মাধ্যমে কোনো ধরনের মানহানিকর, অশালীন বা উসকানিমূলক মন্তব্য করা যাবে না।

এই নিয়মগুলো ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রাকসু’র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “আজ থেকে রাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচার চালাতে পারবেন। তিনি আরও জানান, কিছু বিষয় এখনো আচরণবিধিতে যুক্ত করা হয়নি, যা আজকের মধ্যেই চূড়ান্ত করা হবে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।