খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 1শে আশ্বিন ১৪৩২ | ১৬ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
চীনের শাংহাইয়ে বিখ্যাত হটপট রেস্তোরাঁ চেইন হাইদিলাও-এর এক শাখায় স্যুপের পাত্রে প্রস্রাব করার ঘটনায় দুই কিশোরকে প্রায় ২২ লাখ ইউয়ান (৩ লাখ ৯ হাজার ডলার) জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটে চলতি বছরের ফেব্রুয়ারিতে। মদ্যপ অবস্থায় ওই দুই কিশোর কাণ্ড ঘটিয়ে ভিডিও অনলাইনে শেয়ার করলে তা ভাইরাল হয় এবং জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, দূষিত স্যুপ কোনো গ্রাহক পাননি বলে ধারণা করা হলেও প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করে। এ কারণে ২.৩ কোটি ইউয়ান পর্যন্ত লোকসান গুনতে হয়েছে হাইদিলাওকে।
২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ওই শাখায় খেতে আসা ৪ হাজারের বেশি গ্রাহককে বিল ফেরত দেওয়া হয় এবং তার সঙ্গে বিলের ১০ গুণ অর্থ ফেরত দেওয়া হয়। পাশাপাশি হটপটের সব সরঞ্জাম পরিবর্তন করা হয় ও রেস্তোরাঁয় বড় পরিসরে জীবাণুমুক্তকরণ কার্যক্রম চালানো হয়।
গত শুক্রবার শাংহাইয়ের একটি আদালত রায়ে জানায়, ওই দুই কিশোরের অপমানজনক আচরণ শুধু রেস্তোরাঁর সম্পত্তি ও সুনাম ক্ষুণ্ন করেনি, বরং সাধারণ জনগণের মধ্যে তীব্র অস্বস্তিও তৈরি করেছে। কিশোরদের অভিভাবকরা তাদের যথাযথভাবে নজরদারি না করায় জরিমানার দায়ভার তারাও বহন করবেন।
জরিমানার মধ্যে রয়েছে— অপারেশনাল ও সুনামজনিত ক্ষতি বাবদ ২০ লাখ ইউয়ান,, টেবিলওয়্যার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বাবদ ১.৩ লাখ ইউয়ান,, আইনি খরচ বাবদ ৭০ হাজার ইউয়ান।
তবে আদালত স্পষ্ট করেছে, হাইদিলাও যে অতিরিক্ত ক্ষতিপূরণ গ্রাহকদের দিয়েছে, তা ছিল তাদের নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্ত। তাই ওই অর্থ কিশোরদের কাছ থেকে আদায়যোগ্য নয়।
হাইদিলাও ১৯৯৪ সালে চীনের সিচুয়ান প্রদেশে যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে তাদের এক হাজারেরও বেশি শাখা রয়েছে। ব্যতিক্রমী গ্রাহকসেবার জন্য পরিচিত প্রতিষ্ঠানটি বিশেষ করে নারী গ্রাহকদের ম্যানিকিউর সেবা ও শিশুদের জন্য ক্যান্ডি ফ্লস সরবরাহ করে থাকে।
সূত্র: বিবিসি
খবরওয়ালা/এমএজেড