খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
চাঁদপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে সাকিব হোসেন (১৩) নিখোঁজের ৮ দিন পার হলেও এখনও খোঁজ মেলেনি। পরিবারের অভিযোগ দুর্বৃত্তরা অপহরণ করেছে তাকে।
নিখোঁজ শিক্ষার্থী সাকিব হোসেন কচুয়া উপজেলার জয়নগর গ্রামের গাজী বাড়ির প্রবাসী আব্দুল কাদের গাজীর ছেলে। সে রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
১৩ বছর বয়সি সাকিব হাসানকে গত ৮ সেপ্টেম্বর দুপুরে তার নিজ বাড়ির সামনে থেকে কে বা কারা অপহরণ করেছে বলে অভিযোগ তার মা শামসুন্নাহার বেগমের। তিনি বলেন, ওই দিন দুপুরে আমার ছেলে ভাত খাবে বলে। এ সময় বাইরে কোনো এক অজ্ঞাত ব্যক্তি তার নাম ধরে ডাক দিলে সে ঘর থেকে বের হয় এবং আজও বাড়ি ফেরেনি।
এ ঘটনায় সাকিবের দাদা মনতাজ উদ্দিন বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গত ৯ অক্টোবর অজ্ঞাত একটি নাম্বার থেকে সাকিবের মাকে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অজ্ঞাত ওই ব্যক্তি বলেন, আপনার ছেলেকে পেতে হলে আমাদেরকে ৪ লাখ টাকা দিতে হবে। না হয় আপনার ছেলের লাশ পাবেন। পরে ওই নাম্বার বন্ধ পাওয়া যায় বলেন সাকিবের মা।
নিখোঁজ থাকা স্কুলছাত্র সাকিবের দাদা মনতাজ উদ্দিন ও মামা মাজারুল ইসলাম বলেন, আমরা সাকিবকে সুস্থ অবস্থায় ফিরে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, স্কুলছাত্র সাকিবকে উদ্ধারে অনুসন্ধান চলছে।
খবরওয়ালা/এফএস