বেরোবিতে নারী শিক্ষার্থীকে আটকে রেখে হয়রানির অভিযোগ ছাত্রদলকর্মীর বিরুদ্ধে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী সানজিদ সরকার (স্মরণ)-এর বিরুদ্ধে একই বিভাগের এক নবীন নারী শিক্ষার্থীকে র‌্যাগিং ও মানসিক হয়রানির অভিযোগ উঠেছে।

অভিযোগপত্রে ওই শিক্ষার্থী জানান, লোক প্রশাসন বিভাগের ১৬ ব্যাচের স্মরণসহ কয়েকজন ইমিডিয়েট সিনিয়র গত ২৪ থেকে ২৬ আগস্ট মিথ্যা কথা বলে ক্লাস না থাকা সত্ত্বেও ক্লাস আছে বলে ডেকে এনে ক্লাসের সিআর সহ আরো অনেকে সবার সামনে প্রকাশ্যে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীনভাবে আমাকে অপমান করে। এসময় আমাকে আমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি।

অভিযোগে তিনি আরো বলেন, শুধু তাই নয় এই ঘটনার পর আমাকে বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রায় দুই ঘন্টা আটকে রাখা হয় এবং আমার ফোন কেড়ে নেওয়া হয়। আমার অভিভাবকরা আমাকে বারবার ফোন করেও পায়নি। 

এই ঘটনার সঙ্গে জড়িতরা আমাকে সরাসরি হুমকি দেয় যে, আমি যেন প্রক্টর অথবা অন্যকোনো শেল্টার থাকলে নিয়ে যাই। তারা আমাকে আরও হুমকি দেয়, প্রক্টরের টেবিলে চাপড়িয়ে কথা বলে। এমনকি সেখানে তারা শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী গত ১০ সেপ্টেম্বর বিভাগের প্রধানের কাছে লিখিত অভিযোগ জমা দেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অভিযোগপত্রের একটি কপি সাংবাদিকদের হাতে এসেছে। অভিযোগে তিনি মানসিক নিরাপত্তা নিশ্চিত না হলে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হওয়ার আশঙ্কাও ব্যক্ত করেছেন।

অভিযুক্ত ছাত্রদলকর্মী সানজিদ সরকার (স্মরণ) বলেন, ‘ওইটা মিথ্যা অভিযোগ ছিল। ওই মেয়েটা ক্যাম্পাসে আসার আগে থেকেই তার ব্যক্তিগত মানুষের সাথে তাকে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় আপত্তিকর অবস্থায় দেখা গেছে। 

আমরা ভেবেছিলাম এটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেব। কিন্তু পরে আর দেই নাই। এজন্য তাকে ডেকে এনে বলেছিলাম, এগুলো করা ঠিক না, এভাবে সুনাম নষ্ট হচ্ছে। এছাড়াও তাকে ডিপার্টমেন্টের বা ক্যাম্পাসে কোন প্রোগ্রাম এ পাওয়া যায় না। 

যেখানে জুনিয়রদেরকে বলা হয়, সবাই থাকে কিন্তু তাকে পাওয়া যায় না।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, ‘আমি নিজে তাকে (স্মরণ) ডেকে কথা বলব। যদি অভিযোগ সত্য হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। ছাত্রদল কখনই এরকম আচরণ সাপোর্ট করে না।’

লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুজাহিদুল ইসলাম বলেন, ‘একটা অভিযোগ পেয়েছি। যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। 

তখন তারা ওই মেয়ের নামে পাল্টা অভিযোগ করেন। বিষয়টি একাডেমিক কাউন্সিলে তোলা হবে। সেখানে সমাধান না হলে শৃঙ্খলা বোর্ডে পাঠানো হবে।’

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।