খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
অপরাধমূলক কর্মকাণ্ড ও জনবিরোধী আচরণের সুনির্দিষ্ট অভিযোগে যশোর সদর উপজেলা বিএনপির দুই নেতা এবং যুবদলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহম্মেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপি থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন—উপশহর ইউনিয়ন বিএনপির হুমায়ুন কবির এবং সদর উপজেলা বিএনপির সদস্য, আরবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মনির হোসেন। এ ছাড়া মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের নগর শাখার যুগ্ম আহ্বায়ক মারুফ বিল্লাহ সিদ্দিকী সানিকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিষয়ে পর্যবেক্ষণ না রাখা এবং ঊর্ধ্বতন কমিটিকে অবহিত না করায় সদর উপজেলা বিএনপিকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি সব ইউনিটকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কঠোর সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সমাজবিরোধী চক্র মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং দলের নেতাকর্মীদের ব্যবহার করারও চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে যে স্তরের নেতা বা কর্মীই হোক না কেন, তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আইনের হাতে সোপর্দ করা হবে।
খবরওয়ালা/আশ