আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। রয়টার্স এই ঘটনার সূত্র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে, বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপা’র একটি ব্যস্ত সড়কে একটি সীমানা দেওয়ালের সাথে ওই জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকটির সংঘর্ষ হয়। সেই সময় ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি ছিল।
সংঘর্ষের সাথে সাথেই ট্রাকটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং তাতে আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় ট্রাকের আশেপাশের অন্তত ৩০টি গাড়িতেও আগুন ধরে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন এবং বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির পর। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও, ৩৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, “চালকের অদক্ষতা এবং অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে,” বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
খবরওয়ালা/টিএসএন