কুকুর লেলিয়ে নির্যাতন: জানা গেল নেপথ্য কারণ

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুর লেলিয়ে অমানবিক নির্যাতনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় মিলের তিন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। তিনি বলেন, ‘একজন মানুষকে কুকুর লেলিয়ে নির্যাতন করার মতো অমানবিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

গ্রেপ্তারকৃতরা হলেন— মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আড়িয়াল গ্রামের মো. জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ শান্ত ইসলাম (২৮), মুন্সীগঞ্জ সদর থানার মুরমা গ্রামের মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে আল আমিন ওরফে লিপু (৩৬) এবং বরিশাল জেলার উজিরপুর থানার মালিকান্দা গ্রামের মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার (২৬)। তারা সবাই ওই মিলের নিরাপত্তাকর্মী।

নির্যাতনের শিকার যুবক জয় চন্দ্র সরকার (৩০), তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণুচন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সাকুরা স্টিল মিলে প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় চুরির ঘটনা ঘটত। এ কারণে কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার প্রস্তুতি নেয়। জয় চন্দ্র সরকার মিলের ভেতরে প্রবেশ করলে তাকে আটক করে কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং পরে শারীরিক নির্যাতন চালানো হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর মিল প্রাঙ্গণে আটক জয় চন্দ্র সরকারকে আক্রমণ করছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে তাকে মারধর করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত তিন নিরাপত্তাকর্মীকে আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।