খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ২৩ই সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৮ পিএম
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছে সৌদি রাজকীয় আদালত, যার উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম খালিজ টাইমস খবর প্রকাশ করেছে।
তার ইন্তেকালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন। তারা শায়খ আলে শায়খের পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রাজকীয় এক বিবৃতিতে বলা হয়েছে, শায়খ আবদুল আজিজ আলে শায়খের মৃত্যুর মাধ্যমে সৌদি আরবসহ সমগ্র মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিতকে হারালো, যিনি জীবনের প্রতিটি পরতে ইসলাম ও মুসলমানদের সেবায় অসামান্য অবদান রেখেছেন।
মঙ্গলবার আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদশাহ সালমানের নির্দেশে মসজিদে হারাম, মসজিদে নববি ও দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজা নামাজ আদায় করা হবে।
দীর্ঘ কর্মজীবনে শায়খ আলে শায়খ ইসলামী শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমে অসাধারণ অবদান রাখেন। বিশেষ করে ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা প্রদান করেছেন তিনি। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে তিনি এ দায়িত্ব থেকে অবসর নেন।
জন্ম ও বেড়ে উঠা
শায়খ আবদুল আজিজ আল-শায়খ ১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্ম গ্রহন করেন। তিনি আট বছর বয়সের আগেই বাবাকে হারান। শৈশবেই কোরআন হিফজ করেন এবং ২০ বছর বয়সে এক চোখের দৃষ্টি হারান। এরপরও শরিয়াহ শিক্ষায় অগ্রসর হন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন, রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে ইমামতি ও জুমার খুতবা দিতেন। আরাফাতের নামাজের স্থান ঐতিহাসিক নামিরাহ মসজিদেরও অন্যতম খতিব ছিলেন তিনি।
শায়খ আবদুল আজিজ আল-শায়খ শরিয়াহ ও ফিকহ বিষয়ে অসংখ্য বই ও ফতোয়ার সংকলন রচনা করেছেন। ইসলামি আকিদা, হালাল-হারাম এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রশ্নে তার গবেষণাধর্মী লেখা আজও বিশ্বজুড়ে মুসলমানদের কাছে দিকনির্দেশনা হিসেবে কাজ করে।
সূত্র : আরব নিউজ, গালফ নিউজ
খবরওয়ালা/এসআর
মন্তব্য