খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ঢাকার মহাখালীর আমতলী এলাকায় গুলশান ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন– স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮), খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মহাখালী এলাকা থেকে সাতজনকে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
হাসপাতালে দগ্ধদের নিয়ে আসা এক ব্যক্তি জানান, দুপুর ১টার দিকে ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তাদের কর্মচারীসহ সাতজন দগ্ধ হন।
এদিকে, দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের মুখপাত্র তালহা বিন জসিম জানান, বিষয়টি নিয়ে তারা খোঁজখবর করছেন।
খবরওয়ালা/এন