ত্রাণ সংগ্রহে ইসরায়েলি হামলায় নিহত ২৫০০-এরও বেশি ফিলিস্তিনি

ইসরায়েলের মানবাধিকার সংস্থা বিতসেলেম জানিয়েছে যে সাম্প্রতিক মাসগুলোতে গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আড়াই হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংস্থাটির বরাত দিয়ে আনাদোলু সংবাদ সংস্থা জানায়, এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে উত্তর গাজায়, যেখানে তীব্র দুর্ভিক্ষের কবলে আটকে আছেন লাখ লাখ মানুষ।

বৃহস্পতিবার জিকিম ক্রসিং থেকে প্রকাশিত একটি ভিডিওতে সংস্থাটি জানায়, এটিই ছিল উত্তর গাজায় সাহায্য পৌঁছানোর একমাত্র পথ, যা ১২ সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হয়েছে। খাদ্য সংগ্রহ করতে দীর্ঘ পথ হেঁটে আসা হতাশ মানুষজন সেখানে ইসরায়েলি গুলির শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ত্রাণের ট্রাক আসার সঙ্গে সঙ্গেই লোকজন সেদিকে ছুটে গেলে গুলি চালানো হয়। এতে বহু মানুষ নিহত ও আহত হন। এমনকি উদ্ধারকারীরাও আহতদের কাছে যেতে পারেননি।

নিহতদের মধ্যে একজন হলেন আহমাদ আবু রুকবা। তার ভাই তালাল জানান, দীর্ঘ অপেক্ষার পর তারা একটি আটার বস্তা জোগাড় করতে পেরেছিলেন। ফেরার পথে আবার গুলি শুরু হলে আহমাদের বুকে গুলি লাগে। তালাল নিজের পোশাক দিয়ে রক্তপাত থামানোর চেষ্টা করলেও আহমাদ মুহূর্তের মধ্যেই প্রাণ হারান।

বিতসেলেমের হিসাব অনুযায়ী, মে মাস থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে আসা ২৫০০-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি গুলিতে নিহত এবং প্রায় ১৮ হাজার ৫০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।

সংস্থাটি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় চলমান গণহত্যার অংশ হিসেবে ‘দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার’ করার গুরুতর অভিযোগ এনেছে।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৫ হাজার ৫০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। লাগাতার বোমা হামলায় অঞ্চলটি বাসের অযোগ্য হয়ে উঠেছে এবং সেখানে তীব্র খাদ্যসংকট ও রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।