খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান রাফায়েল শহরে এক ‘আক্রমণাত্মক কাঠবিড়ালি’র তাণ্ডবে অন্তত দুজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শহরের লুকাস ভ্যালি এলাকায় কাঠবিড়ালিটি আকস্মিকভাবে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা জোয়ান হেব্ল্যাক জানান, আমি হাঁটছিলাম, হঠাৎ একটি কাঠবিড়ালি এসে আমার পায়ে কামড়াতে শুরু করে। ওটা আমার পায়ে শক্ত করে ধরে ছিল। লেজ উঁচুতে উঠে যাচ্ছিল। আমি চিৎকার করছিলাম, এটাকে সরাও, সরাও!
অন্য এক বাসিন্দা ইসাবেল ক্যাম্পয় বলেন, আমিও একইভাবে আক্রান্ত হয়েছি। কাঠবিড়ালিটি মাটি থেকে লাফিয়ে উঠে আমার মুখের দিকে ঝাঁপ দেয় এবং পরে হাতে নেমে আসে। এতে আমার হাত রক্তাক্ত হয়। দুজনকেই হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
সান রাফায়েল শহরটি ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টিতে অবস্থিত, সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে। এ ঘটনার পর এলাকায় সতর্কতামূলক পোস্টার টাঙানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, ‘খুব দুষ্ট কাঠবিড়ালি’ হঠাৎ করেই আক্রমণ চালাতে পারে। স্থানীয়দের দাবি, এখন পর্যন্ত অন্তত পাঁচজন এই কাঠবিড়ালির আক্রমণের শিকার হয়েছেন।
মারিন হিউম্যান নামের প্রাণীকল্যাণ সংস্থার মুখপাত্র লিসা ব্লখ জানান, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে কাঠবিড়ালি আক্রমণের আর কোনও খবর পাওয়া যায়নি। তবে আবার দেখা দিলে রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রাণীটিকে সরিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা আগেও এমন আচরণ দেখেছি। প্রায়ই দেখা যায়, কেউ না কেউ বন্য প্রাণীকে খাবার দেওয়ার কারণে তারা অস্বাভাবিক আচরণ করে।
বিশেষজ্ঞদের মতে, কাঠবিড়ালি জলাতঙ্ক বহন করে না। তবে মানুষকে কখনোই বন্য প্রাণীকে খাবার না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সূত্র: এপি
খবরওয়ালা/শরিফ