চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রেজিয়া বেগম (৬৫) নামে এক যাত্রী প্রাণ হারিয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ কালিরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজিয়া বেগম পৌর এলাকার পশ্চিম বড়ালী দেওয়ানবাড়ির মৃত আলি আহমেদের স্ত্রী। তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী।
মৃতের ছেলে কাউসার আহমেদ জানান, প্রায় ১৮ বছর আগে তার বাবা মারা যান। এরপর থেকে তার মা এলাকার কোনো নারী মৃত্যুবরণ করলে পুণ্যের আশায় মরদেহ গোসল করাতেন। গতকাল (২৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি অটোরিকশায় কালির বাজারে সদাই কিনতে যাচ্ছিলেন। পথে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তিনি সড়কে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তার মায়ের দাফন সম্পন্ন করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, হাসপাতাল থেকে বিষয়টি জানানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি এবং অনুরোধক্রমে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
খবরওয়ালা/টিএসএন



