খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের একটি কবরস্থানে হঠাৎ বিকট শব্দে পুঁতে রাখা ১০টি হাতবোমা (ককটেল) বিস্ফোরিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকার ওই কবরস্থানে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে কবরস্থানের এক কোণে বিশাল গর্ত তৈরি হয় এবং সীমানা প্রাচীরেও ফাটল দেখা দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কবরস্থানের ভেতর থেকে হঠাৎ তীব্র শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় একসঙ্গে অন্তত ১০টি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে ধারণা স্থানীয়দের। বিস্ফোরণের পর কবরের ভেতর ও চারপাশে ককটেলের আলামত ছড়িয়ে থাকতে দেখা যায়।
কবরস্থানের পাশে বসতবাড়ির মালিক মো. দুখুর স্ত্রী এরিনা বেগম বলেন, ‘এটি আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার শাশুড়ি ও দাদা শ্বশুরের কবর রয়েছে। বাড়ির পেছনে থাকা কবরের ভেতর থেকে হঠাৎ সকালে ককটেল বিস্ফোরণের প্রচণ্ড শব্দ পাই। এরপর ছুটে গিয়ে দেখি, কবরের দেয়ালে ফাটল ও বারুদ ছড়িয়ে আছে। কে বা কারা কবরের মধ্যে হাতবোমা রেখে গেছেন তা আমাদের জানা নেই।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, কবরস্থানের ভেতর ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবরওয়ালা/শরিফ