খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় তাঁদের আরেক ভাই ও চাচা আহত হন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের এলাহী বকসের ছেলে নুর ইসলাম (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৩)। আহত হয়েছেন তাঁদের ছোট ভাই ইয়াছিন আলী (৩৮) ও চাচা সিরাজুল ইসলাম।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দেওয়ার সময় নুর ইসলাম বিদ্যুতায়িত হন। তাঁর চিৎকার শুনে ভাই দেলোয়ার হোসেন দৌড়ে গিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তিনি আরও বিদ্যুৎ স্পৃষ্ট হন।
পরবর্তীতে ভাই ইয়াছিন আলী ও চাচা সিরাজুল ইসলাম ছুটে গেলে তারা সবাই আহত হন। স্থানীয়রা চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ইয়াছিন আলী ও সিরাজুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, চারজনের দুই ভাই হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। বাকি দুজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবরওয়ালা/শরিফ