কেরানীগঞ্জে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিদা খান (১৯) নামের এক ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর রবিবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজের এজিএম সিদ্দিকুর রহমান বলেন, নিদা খান ভারতের রাজস্থানের নাগরিক। মেডিকেল কলেজটির এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাবার নাম আব্দুল আজিজ খান।

তিনি আরও জানান, দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় মেডিকেল কলেজ ক্যাম্পাসের ফরেন হোস্টেলে থাকতেন নিদা খান। তাঁর রুমমেটরাও ভারতীয় নাগরিক। গতকাল সন্ধ্যা পর্যন্ত রুমমেটদের সঙ্গে পড়ালেখা নিয়ে আলোচনা করেন তিনি। এরপর নিজের কক্ষে চলে যান। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তাঁর পাশের কক্ষের শিক্ষার্থীরা তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি।

পরে রাত ২টার দিকে হোস্টেল সুপারসহ কলেজ কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে রুমের দরজা খুলে প্রবেশ করেন। নিদাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ছরোয়ার হোসেন জানান, রাতে খবর পেয়ে কলেজটির ফরেন হোস্টেল থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

এসআই ছরোয়ার হোসেন আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গতকাল একটি পরীক্ষায় নকল করার অভিযোগে নিদা খানকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়। এ নিয়ে সারা দিন হতাশায় ছিলেন তিনি। এ কারণে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে অন্য কোনো ঘটনা বা কারণ রয়েছে কি না, তা বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।