দুর্গাপূজা ঘিরে রাজধানীতে কোনো বড় ধরনের নিরাপত্তা আশঙ্কা নেই বলে জানালেও ৮৯টি পূজামণ্ডপকে অধিকতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব মণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সিটিটিসি, সাইবার ইউনিট, বোম ডিস্পোজাল ইউনিট ও সোয়াট সদস্যরা নিয়োজিত থাকবেন। এবারের পূজায় চার স্তরে ২৪ ঘণ্টা নিরাপত্তা থাকবে। প্রতিটি থানার টহল টিমও দায়িত্বে থাকবে।
ডিএমপি কমিশনার জানান, প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভক্তরা রাতে মন্দির ছেড়ে যাওয়ার পর থেকে ভোর পর্যন্ত অন্তত দুইজন স্বেচ্ছাসেবককে প্রতিমার নিরাপত্তায় নিয়োজিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
যানজট নিয়ন্ত্রণে পৃথক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। প্রতিমা বিসর্জনের দিন নির্বিঘ্ন শোভাযাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে।
খবরওয়ালা/এন



