খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 14শে আশ্বিন ১৪৩২ | ২৯ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দ্বাদশ জাতীয় সংসদের সাবেক এমপি সাকিব আল হাসান। এর পরপরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক ফেসবুক পোস্টকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে সাকিব একটি পোস্ট দেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আপা’। সঙ্গে ২০১৫ সালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি ছবি যুক্ত করেন।
অল্প কিছুক্ষণ পর ফেসবুকে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছিলেন আপনারা আমাকে। কিন্তু, আমিই সঠিক ছিলাম। আলোচনা এখানেই শেষ।’ আসিফের এ পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। কমেন্টে অনেকেই সাকিবের প্রতি বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন।
ধারণা করা হচ্ছে, আসিফের ‘একজনকে পুনর্বাসন না করা’ মন্তব্যের ইঙ্গিত ছিলেন সাকিব আল হাসান। সেটি সাকিবও টের পেয়েছেন বলে মনে হয়। কারণ কিছুক্ষণ পরই তিনি নিজের ফেসবুকে আরেকটি পোস্ট দেন।
সেখানে সাকিব লেখেন, ‘যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তার জন্যই আমার আর বাংলাদেশের জার্সি গায়ে চাপানো হলো না, দেশের হয়ে খেলতে পারলাম না! হয়তো কোনো একদিন ফিরে আসব প্রিয় মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরার একটি আসনে বিজয়ী হয়েছিলেন সাকিব। তবে একই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এর ফলে এমপি পদও হারান তিনি। তখন থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
এ সময় ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি অ্যাওয়ে সিরিজে দলের সঙ্গে যুক্ত হলেও ম্যাচগুলো শেষে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান।
খবরওয়ালা/টিএসএন