খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫
জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নিউইয়র্কে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, সম্মেলনের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, মানবাধিকারসহ সংকটের মূল কারণগুলো মোকাবিলায় উদ্যোগ গ্রহণ এবং সার্বিক পরিকল্পনা প্রণয়ন। বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিকে।
উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর প্রতিনিধিত্ব করছে তুরস্ক, আর উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এর প্রতিনিধিত্ব করছে কুয়েত।
সম্মেলনের আগে সোমবার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, মিয়ানমার বিষয়ক মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
পরে হোটেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আলোচনায় রাখাইন রাজ্যের গৃহযুদ্ধ পরিস্থিতি, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথনকশা, শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বৃদ্ধি এবং শিশুদের শিক্ষা ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
খবরওয়ালা/আশ