খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ই অক্টোবর ২০২৫, ১:৮ এএম
ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দ ফকিরকে জোর করে চুল ও দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মো. সুজন মিয়া (৩০) নামে আরও এক আসামি গ্রেপ্তার হয়েছেন।
এর আগে মঙ্গলবার মজনু মিয়া (৫০) গ্রেপ্তার হন। এ নিয়ে দুই দিনে মোট দুই আসামি ধরা পড়ল।
বুধবার (১ অক্টোবর) গ্রেপ্তার দুজনকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে তাদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
গত ২৭ সেপ্টেম্বর ফকিরের ছেলে শহীদ আকন্দ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে হালিম ফকিরের অসহায় আর্তনাদ—“আল্লাহ, তুই দেহিস”—দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়।
৭০ বছর বয়সী হালিম উদ্দিন আকন্দ স্থানীয়ভাবে ‘হালিম ফকির’ নামে পরিচিত। তিনি হজরত শাহজালাল (র.)–এর ভক্ত এবং প্রায় ৩৭ বছর ধরে দাড়ি-চুল কাটেননি। পরিবার জানিয়েছে, তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন।
তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে আইন ও সালিশ কেন্দ্র (আসক) ঘটনাটিকে ‘মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
খবরওয়ালা/আশ
মন্তব্য