খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫
কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) কুয়েতের সালমিয়া শহরের মিক্স ইয়াকি রেস্তোরাঁয় বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত (বিবিসি) এই সভার আয়োজন করে।
সভায় কুয়েত প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও পেশাজীবীদের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ শমরিতা হাসপাতালের উচ্চপদস্থ কর্তৃপক্ষের সমন্বয়ে একটি হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফুর রহমান মুখাই আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতা, প্রকৌশলী, চিকিৎসক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিবিসি কুয়েতের সহসভাপতি মো. আকবর হোসেন তার স্বাগত বক্তব্যে বলেন, ‘ঐক্যেই শক্তি, যদি সদিচ্ছা থাকে; তবে কোনো কিছুই অসম্ভব নয়। কাজ করতে হবে, তবেই তার ফল লাভ হবে।’ আলোচনা শুরুর আগে তিনি আলোচকদের বক্তব্যের একটি রূপরেখা উপস্থাপন করেন।
সভাপতি লুতফুর রহমান মুখাই আলী তার বক্তব্যে বলেন, ‘একাকী অনেক কিছু করা সম্ভব, তবে সম্মিলিত উদ্যোগে কিছু করতে পারলে তার গুরুত্ব অপরিসীম।’ তিনি কুয়েতে বাংলাদেশিদের মালিকানাধীন একটি হাসপাতাল প্রতিষ্ঠায় সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম বলেন, ‘উদ্যোগ হয়তো দুই-একজন নেবেন, কিন্তু এতে সকলের সমর্থন থাকলে; সেক্ষেত্রেও আমাদের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।’ তিনি উপস্থিত সকলকে মৌখিক মতামতের পাশাপাশি লিখিতভাবে নিজেদের সমর্থন এবং হাসপাতাল প্রতিষ্ঠায় অংশগ্রহণের বিষয়টি লিপিবদ্ধ করার অনুরোধ জানান।
জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বর্তমানে সব মিলিয়ে তিন লাখেরও বেশি প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন।
উল্লেখ্য, গত মাসে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানের নেতৃত্বে একটি ব্যবসায়ী দল কুয়েত সফর করেছিল। সেই প্রতিনিধি দলের সদস্য ছিলেন বাংলাদেশ শমরিতা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) ডা. এ বি এম হারুন। কুয়েত প্রবাসীরা তার কাছেই কুয়েতে হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এই প্রেক্ষাপটেই আলোচনা সভাটি আয়োজিত হলো, যা প্রবাসীদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঐকবদ্ধ হয়ে কাজ করার একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
খবরওয়ালা/টিএসএন