খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চুরির অপবাদে নূরে আলম নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গত শনিবার সকালে কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ৪২ সেকেন্ডের ভিডিও রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক গাছে বাঁধা অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছেন। ভিডিওটি নজরে আসার পর দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাসেম নামে এক ব্যক্তিকে আটক করে।
পুলিশ জানায়, নির্যাতনের শিকার নূরে আলমের পরিবারের সঙ্গে একই গ্রামের আবুল হাসেমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই এই ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
শনিবার ভোর রাতে নূরে আলম টর্চলাইট নিয়ে মাছ ধরতে গেলে, তাঁকে ‘মুরগি চুরি করতে এসেছে’—এমন অপবাদ দিয়ে আবুল হাসেম ধরে ফেলেন। এরপর তাঁকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
শনিবার সকালে গাছের সঙ্গে বেঁধে আবুল হাসেমের নির্দেশে তাঁর মামাতো ভাই সোহেল ও প্রতিবেশী স্বপন নূরে আলমের ওপর নির্যাতন চালান। ভাইরাল ভিডিওতে নির্যাতনের সময় নূরে আলমকে মা মা বলে চিৎকার করতে শোনা যায়।
নির্যাতনের সময় ঘটনাস্থলে স্থানীয় নারী-পুরুষরা উপস্থিত থাকলেও কেউ তাঁকে উদ্ধারে এগিয়ে আসেননি। এ দৃশ্য ভিডিও করে কেউ একজন অনলাইনে ছড়িয়ে দেয়, যা দ্রুত ভাইরাল হয়।
খবর পেয়ে নির্যাতনের শিকার নূরে আলমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন বলেন, রবিবার ভাইরাল ভিডিওটি নজরে আসার পরই ঘটনাস্থলে গিয়ে আবুল হাসেমকে আটক করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে দুই পরিবারের বিরোধের জের ধরে মুরগি চোর সন্দেহে ওই যুবককে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।
ওসি আরও জানান, আহত যুবক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতনে সরাসরি জড়িত দু্ই ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হবে।
খবরওয়ালা/শরিফ