খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সম্প্রতি অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ বিষয়ে সম্মতি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনের জন্য অর্থ বিভাগের সম্মতি দেওয়া হলো।
তবে এ নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে যাচাইকৃত বেতনস্কেল অনুসরণ, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ, ৪ হাজার কনস্টেবল পদ বিলুপ্তির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা, এবং পদ সৃজনের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন গ্রহণ।
সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো ৪ হাজার এএসআই পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে এবং বাকি ২ হাজার জন কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ পাবেন।
খবরওয়ালা/এন