খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 21শে আশ্বিন ১৪৩২ | ৬ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
মাদারীপুরের রাজৈর উপজেলায় কিশোর-কিশোরীর প্রেমকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার পাখুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—জয়দেব (৪৫), গোপাল বালা (৩৫), মিন্টু বালা (৩৫), স্বপন বালা (৬০), অসিত বালা (৩০), প্রকাশ বালা (৫০), বঙ্কিম বালা (৫৭), সুজয় বালা (৩৭), তুলিরানী বালা (৩২), উত্তম বালা (৫৩), নরেশ বালা (৫৬) ও সাগর বালা (২৫)। সকলের বাড়ি একই এলাকায়।
স্থানীয়রা জানান, এলাকার এক স্কুল পড়ুয়া কিশোর ও কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে দু’পক্ষের আত্মীয়দের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে সোমবার দুপুরে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের ১২ জন আহত হন।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ খান বলেন, ঘটনার পরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/শরিফ