বুলেটপ্রুফ গাড়িতে চড়ে নির্বাচনী প্রচারণা করবেন খালেদা জিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ ১০ বছর পর সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন—এমন ইঙ্গিত দিয়েছে দলীয় সূত্র।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার নিরাপত্তা ও স্বাস্থ্য বিবেচনায় বিশেষভাবে তৈরি একটি বুলেটপ্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে। রোববার (৫ অক্টোবর) সরকারিভাবে যানবাহন আমদানের জন্য প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও জাপান থেকে আলাদা একটি বুলেটপ্রুফ গাড়ি আনা হবে।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, খালেদা জিয়া এই মিনিবাসেই দেশজুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন। সফরে তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল। বিভিন্ন জেলায় যাত্রাবিরতি এবং জনসভায় অংশগ্রহণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

২০১৫ সালে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার পর এবারই প্রথম খালেদা জিয়াকে পূর্ণমাত্রায় নির্বাচনী প্রচারণায় দেখা যাবে। তবে শারীরিক অসুবিধার কারণে যদি সরাসরি অংশ নেওয়া সম্ভব না হয়, প্রযুক্তির সহায়তায় তিনি প্রচারণায় অংশ নেবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ম্যাডামের নিজের সিদ্ধান্ত। শারীরিকভাবে ফিট থাকলে তিনি মাঠে নামবেন। এটি কর্মীদের মধ্যে নতুন প্রাণ জাগাবে।’

দলীয় প্রচার কমিটি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে খালেদা জিয়ার নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। প্রাথমিকভাবে ফেনী-১ আসনে তিনি প্রার্থী হতে পারেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘ম্যাডামের শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করবে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন কি না। এখনই তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।