খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
পশ্চিমা দেশগুলো ইরানের ওপর পুনর্বহালকৃত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা আর প্রাসঙ্গিক নয় বলে ঘোষণা দিয়েছে ইরান।
রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “কায়রোতে আইএইএর সঙ্গে স্বাক্ষরিত আমাদের চুক্তি এখন আর কার্যকর নয়।” গত মাসে কায়রোতে ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা ইরানের পারমাণবিক প্রকল্পে পরিদর্শন ও পর্যবেক্ষণের নতুন কাঠামো নির্ধারণ করেছিল।
আরাঘচি উল্লেখ করেন, “ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অংশীদার হলেও ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। এতে কায়রো চুক্তি অর্থহীন হয়ে গেছে। তারা মনে করেছিল হুমকি দিয়ে চাপ সৃষ্টি করা সম্ভব, কিন্তু নিজেদের কূটনৈতিক প্রভাব হারিয়েছে।”
পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরান এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি মাত্র নাগরিক উদ্দেশ্যে এবং তারা এনপিটি চুক্তি অনুযায়ী সমৃদ্ধকরণের অধিকার রাখে।
খবরওয়ালা/আশ