খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগবঞ্চিত প্রার্থীরা রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। তারা বিশেষ গণবিজ্ঞপ্তি জারি ও সকল সুপারিশবঞ্চিত প্রার্থীর দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন।
রোববার (১২ অক্টোবর) দিনভর বিক্ষোভ-সমাবেশের পর রাতেও প্রার্থীরা শাহবাগে অবস্থান করছেন। আন্দোলনকারীরা দাবি করেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুলসংখ্যক শূন্যপদ রয়েছে এবং তা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের দেওয়া হোক।
মুন্সিগঞ্জ থেকে আসা শাকিল আহমেদ জানিয়েছেন, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে এনটিআরসিএর সনদ অর্জন করেছেন, কিন্তু কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশ পাচ্ছেন না। তিনি বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। সোমবার সকাল থেকে আবার কর্মসূচি চালানো হবে।”
অন্য এক প্রার্থী নাজমুন নাহার বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫০ হাজার শিক্ষক পদ শূন্য। আমরা সুপারিশবঞ্চিত। অবিলম্বে শূন্যপদে নিয়োগের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। দাবি না মানলে রাজপথ ছাড়বো না।”
আন্দোলনকারীদের দুই দফা দাবি:
১. ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশবঞ্চিত ১৬,২১৩ জনকে নিয়োগ দিতে হবে।
২. নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের জন্য বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে নিয়োগ দিতে হবে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
খবরওয়ালা/আশ