খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতির মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল অতীতেও যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ফিলিস্তিনিদের ওপর অপরাধ চালিয়ে গেছে। এবারও যদি গ্যারান্টিদাতা দেশগুলো নীরব থাকে, তাহলে এর পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’।
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে জানান তিনি।
বাঘাই বলেন, পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও চরমপন্থি দখলদারদের হাতে অলিভ বাগান ধ্বংস, আবাসিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং আল-আকসা মসজিদে অবমাননাকর আচরণ চলমান রয়েছে— যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।
তিনি যুদ্ধবিরতির গ্যারান্টিদাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইসরায়েলি আগ্রাসনের দায়ভার নির্ধারণ করে এবং তাদেরকে এসব অপরাধ বন্ধে বাধ্য করে।
খবরওয়ালা/এফএস