দেড় লাখ টাকার সৌদি রিয়াল কিনে প্যাকেটে পেলেন ভিম সাবান!

কুমিল্লা নগরীতে কম দামে সৌদি রিয়াল কেনার প্রলোভন দেখিয়ে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারকচক্র। এ ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ। বিষয়টি নিয়ে মোয়াল্লেম কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) ভুক্তভোগী মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম সেলিম সংবাদকর্মীদের এই তথ্য জানিয়েছেন। তিনি নগরীর ভাটপাড়া এলাকার বাসিন্দা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা হলেন নেত্রকোনা সদরের কুমারপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৯) ও আরেকজন অজ্ঞাত ব্যক্তি।

সেলিম উল্লাহ অভিযোগে বলেন, ‘আমি ১০ অক্টোবর নগরীর নজরুল এভিনিউতে একটি মানি এক্সচেঞ্জে সৌদি রিয়াল ক্রয় করতে যাই। মানি এক্সচেঞ্জের সামনে দুজন ব্যক্তি আমাকে এক বান্ডিল রিয়াল দেখিয়ে বলেন, কম দামে বিক্রি করবেন।

আমি কম দামে পাব এমন ভরসায় রাজি হলে আমাকে রেসকোর্স এলাকার ইস্টার্ন প্লাজার সামনে টাকা নিয়ে যেতে বলেন। আমি সেখানে দেড় লাখ টাকা নিয়ে যাই। 

একপর্যায়ে প্রতারকের সহকারী সুজন আমাকে টিস্যু দিয়ে বলেন, ‘ঘেমে গেছেন মুখ মুছে নিন’। মুখ মোছার পর হঠাৎ হুঁশ হারাই।

হুঁশ ফেরার পর দেখি আমার হাতের টাকা নেই। আমাকে একটি ব্যাগ ধরিয়ে দেওয়া হয়। খুলে দেখলে ব্যাগে কাপড় পেঁচানো একটি ভিম সাবান ছিল।

আমি প্রধান আসামির সহকারী সুজনের ছবি ও ঠিকানা সংগ্রহ করি এবং কৌশলে প্রধান আসামির ছবিও তুলে রাখি।’

এ বিষয়ে কুমিল্লা কান্দিরপাড় ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম গত ১১ অক্টোবর থানায় একটি অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।