অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
প্রকৃতিতে এখন হেমন্তকাল। শীত আসার আগে এই সময়টাতেই অনেকের ত্বকের পাশাপাশি ঠোঁটেও দেখা দেয় রুক্ষতা ও ফাটাভাব। তাই শীতের আগেই ঠোঁটের নিয়মিত যত্ন নেওয়া জরুরি। যাদের ঠোঁট এখন থেকেই শুষ্ক বা ফাটছে, তারা সহজ কিছু ঘরোয়া উপায়ে ঠোঁটের যত্ন নিতে পারেন।
অলিভ অয়েল ও চিনির স্ক্রাব
এক চা চামচ অলিভ অয়েল, এক চা চামচ চিনি এবং আধা চা চামচ বেসন মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট ঠোঁটে লাগিয়ে শুকাতে দিন। পরে ভেজা হাতে হালকা ম্যাসাজ করে তুলে ফেলুন। সপ্তাহে দু-একবার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
নারকেল বা ভিটামিন ই তেল
রাতে ঘুমানোর আগে ঠোঁটে নারকেল তেল বা ভিটামিন ই অয়েল লাগিয়ে ঘুমান। সকালে উঠে ধুয়ে ফেললে ঠোঁটে আর্দ্রতা বজায় থাকবে।
বিটরুট ও গোলাপের ভ্যাসলিন
বিটরুটের রস ও গোলাপের পাপড়ি একসঙ্গে জ্বাল দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। ঠান্ডা হলে ভ্যাসলিনের সঙ্গে মিশিয়ে সংরক্ষণ করুন। এটি নিয়মিত ব্যবহার করলে ঠোঁট নরম ও মসৃণ থাকবে।
দৈনন্দিন যত্নে করণীয়
নিয়মিত ভ্যাসলিন বা লিপজেল ব্যবহার: শীতকালে ঠোঁটকে নরম ও কোমল রাখতে প্রতিদিন ভালো মানের ভ্যাসলিন বা লিপজেল ব্যবহার করা উচিত।
পর্যাপ্ত পানি পান: শরীর সতেজ ও ঠোঁট আর্দ্র রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি।
ধূমপান ও মদ্যপান পরিহার: এসব অভ্যাস ঠোঁটের ক্ষতি করতে পারে, তাই তা থেকে বিরত থাকা দরকার।
সূর্যের আলো থেকে সুরক্ষা: বাইরে বের হওয়ার সময় এসপিএফযুক্ত লিপবাম ব্যবহার করুন। এতে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ঠোঁট রক্ষা পাবে।
এই সহজ ঘরোয়া ও দৈনন্দিন যত্নের পদ্ধতিগুলো অনুসরণ করলে হেমন্ত ও শীতকালজুড়ে ঠোঁট থাকবে নরম, কোমল ও সুস্থ।
খবরওয়ালা/শরিফ