খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 3শে কার্তিক ১৪৩২ | ১৮ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় দুর্বৃত্তদের গুলিতে লোকমান হোসেন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গুলিবিদ্ধ ব্যবসায়ী লোকমান হোসেন জানান, তিনি ওই এলাকায় একটি খাবারের হোটেল পরিচালনা করেন। কিছুদিন আগে কর্ণগোপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী সফিকুল ইসলাম ও তার সহযোগীরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় তারা। ভয়ে তিনি এক লাখ টাকা দেন।
শনিবার দুপুরে সফিকুল ও তার সহযোগীরা আবার দোকানে এসে আরও চার লাখ টাকা দাবি করে। লোকমান টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার ডান পায়ে গুলি লাগে।
গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়। পরে আহত লোকমানকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘হামলা ও গুলিবিদ্ধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’