অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা ঠেকাতে প্রথমবারের মতো জলকামান ব্যবহার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে এ অভিনব পদ্ধতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে হিজলা উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার রোধে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, নদীতে অভিযান চলাকালে জেলেরা ইট-পাটকেল ছোড়া, বাঁশ দিয়ে আঘাত এবং সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রশাসনের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এবং মৎস্য কর্মকর্তাসহ কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও হামলার শিকার হন। এই পরিস্থিতিতে অভিযানকে নিরাপদ ও কার্যকর রাখতে জেলেদের হামলা প্রতিহত করার জন্য জলকামান ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, অবৈধভাবে মা ইলিশ শিকার রোধে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের কর্মীরা প্রায়ই জেলেদের হামলার মুখে পড়েন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের জলকামান ব্যবহার শুরু হয়েছে। এতে রক্তপাত বা সরাসরি সংঘর্ষ ছাড়াই জেলেদের ছত্রভঙ্গ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।