স্বামীর দেওয়া আগুনে পুড়ল স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৫

নরসিংদী শহরের সঙ্গীতা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন—স্বামী ফরিদ মিয়ার স্ত্রী রিনা বেগম (৩৮), তাদের দুই ছেলে আরাফাত (১৫) ও তাওহীদ (৬), রিনার বোন সালমা বেগম (৩৪) এবং সালমার ছেলে ফরহাদ (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় পিকআপভ্যান চালক ফরিদ মিয়ার সঙ্গে তার স্ত্রী রিনা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ কারণে রিনা সন্তানদের নিয়ে বাবার বাড়ি সঙ্গীতা এলাকায় বসবাস করছিলেন।

বুধবার রাত ২টার দিকে পারিবারিক বিরোধের জেরে ফরিদ মিয়া ঘরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী, সন্তান ও শ্যালিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এরপর তিনি বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান।

প্রতিবেশী ও পুলিশ টিনের বেড়া ভেঙে ঘরের ভেতর থেকে দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

দগ্ধ সালমার বাবা মহন মিয়া বলেন, ফরিদ নেশাগ্রস্ত, সে আমার মেয়ের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। রাতে ঘরে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে দিল। আমি তার বিচার চাই।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক কুমার গুহ বলেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা আমরা এখনো বলতে পারছি না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।