অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮৫ বছর বয়সি দাদিকে নৃশংসভাবে জবাই করে হত্যার পর ফেসবুকে দুটি চমকপ্রদ স্ট্যাটাস দেন নাতি সজিব হাসান (২২)। একটিতে তিনি লেখেন, ‘আল্লাহু আকবার’, আর পরের স্ট্যাটাসে ছিল চরম ঔদ্ধত্যের প্রকাশ—‘ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না।’ ঘটনার পর পুলিশ ঘাতক নাতিকে আটক করেছে।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরু গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত মোছা. সন্দেস খাতুন (৮৫) মৃত নওশের মোল্লার স্ত্রী। অভিযুক্ত নাতি সজিব হাসান একই এলাকার আহম্মাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সজিব তার দাদির ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধা সন্দেস খাতুনকে জবাই করে হত্যা করেন। হত্যার পরপরই তিনি নিজের ফেসবুক আইডিতে প্রথমে ‘আল্লাহু আকবার’ লিখে স্ট্যাটাস দেন। কিছুক্ষণ পরই দ্বিতীয় পোস্টে লেখেন: ‘ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না।’
ফেসবুক পোস্ট এবং হত্যাকাণ্ডের বিষয়টি সজিবের বাবা আহম্মাদ আলীর নজরে এলে তিনি সঙ্গে সঙ্গে সলঙ্গা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘাতক নাতি সজিবকে আটক করে। স্থানীয়রা জানান, সজিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং তার মানসিক সমস্যা রয়েছে।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত সন্দেস খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজিব নেশাগ্রস্ত অবস্থায় এবং মানসিক সমস্যার কারণেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভিযুক্ত নাতিকে আটক করা হয়েছে, এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।